গোপালগঞ্জে জামায়াত কর্মীদের বিরুদ্ধে বিএনপির কর্মীকে কোপানোর অভিযোগ

Joynal
Joynal Joynal
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩৮ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই জামায়াত কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি কর্মী দেলোয়ার শেখ (৩৮), তার স্ত্রী আমেনা বেগম (২৬) ও ভাতিজা কাউসার শেখসহ মোট পাঁচজন আহত হন।

স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আহতদের অভিযোগ, তাদের কোপানোর ঘটনায় প্রধান দুই অভিযুক্ত জিয়ারুল মোল্লা (২৮) জামায়াত কর্মী ও দীন ইসলাম মোল্লা (২৫) শিবির কর্মী। জিয়ারুল সরদার পাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। দীন ইসলাম একই গ্রামের জামসেদ মোল্লার ছেলে।

চিকিৎসাধীন বিএনপি কর্মী দেলোয়ার শেখ বলেন, জিয়ারুল ও জামসেদ দীন ইসলামরা জামায়াত-শিবিরের রাজনীতি করে। আমরা বিএনপির রাজনীতি করি। নির্বাচনের আগে ওদের বাড়িতে একাধিকবার ভোট চাইতে গেলে তারা বিভিন্ন খারাপ কথা বলে, হুমকি দেয়। রোববার বিকেলে রাস্তায় গেলে কটূ কথা বলতে শুরু করে।

দেলোয়ার বলেন, প্রতিবাদ করলে ওরা কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে এবং মাথায় কোপ দেয়। আমার স্ত্রী ও ভাতিজা ঠেকাতে গেলে ওদের ওপরও হামলা করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, খবর পেয়ে সরজমিনে পুলিশ তদন্ত করতে গেছে। এখনো কোনো মামলা হয়নি। তদন্তের পর বাকি ব্যবস্থা নেওয়া হবে।