১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘নিয়ে নেওয়ার’ হুমকি পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জল্পনার মধ্যে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এমন মন্তব্য করেন বিজেপির এই বিধায়ক। তবে বাংলাদেশ নিয়ে নেওয়ার কথা বলে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তিন সপ্তাহের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা। অনেক হয়েছে। বাংলাদেশের কাছে আর কোনো বাহানা পড়ে নেই। বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হয়েছে, তার প্রতিশোধ নিতেই হবে। তা নিয়ে কোনো সন্দেহ নেই।’

এর আগে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা। তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্য কেবল বিচারব্যবস্থার মুখোমুখি করা। এ ক্ষেত্রে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনার ইঙ্গিতও দিয়েছেন তিনি। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। এমনকি বিদেশে বাংলাদেশের কোনো দূতাবাসে গেলেও তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

শামা ওবায়েদ ইসলাম আরও জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার চুক্তির মাধ্যমে তাঁকে ফেরত চাইলেও নয়াদিল্লি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেনি। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার জল্পনা এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য নিয়েও ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।