গণতান্ত্রিক রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: সালাহউদ্দিন

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:১৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নয়, নিজেদের কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই। বাংলাদেশের জনগণও তাদের আর রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে না বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তির রাজনীতিতে ফিরে আসার নজির নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও বাংলাদেশে আর কখনো ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে ফিরতে চান, তা দেশি-বিদেশি গণমাধ্যমে দেখা গেছে। তবে প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ীই তার দেশে ফেরার সুযোগ রয়েছে। সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। নভেম্বর, ডিসেম্বর কিংবা ১৬ ডিসেম্বর ফেরার নানা ঘোষণায় সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই বলে জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।


পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, এসব নির্দেশের মাধ্যমে নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণ এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ও কৌশলে আগের অপচেষ্টা ভণ্ডুল করেছে। ভবিষ্যতে উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা জানমালের ক্ষতির চেষ্টা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্থিরতার আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন নিয়মিত কার্যক্রম। মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের জন্য আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি জানান, বিষয়টি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ ও সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তি, দল ও সংগঠনকে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা যায়। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত রেখেছে।


গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কর্মকর্তাদের সম্পৃক্ততা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে। গার্মেন্টস শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, মালিক-শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। প্রকৃত শ্রমিক ও মালিকরা এতে সন্তুষ্ট। গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা প্রকৃত শ্রমিকদের কাজ নয়; একটি মহল রাজনৈতিক ষড়যন্ত্রে এটি ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবিলা করছে এবং ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জোটগতভাবে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।