গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৫২ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বরে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে, তিনি নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০)।

আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫) এবং তাদের ছেলে তামিম (৪)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে নরসিংদী যাচ্ছিলেন।

পুলিশ জানায়, গাজীপুরের সফিপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি নরসিংদী যাচ্ছিল। পথে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুইজন মারা যান। এতে আহত হন অটোরিকশার তিন যাত্রী। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।