ময়মনসিংহে দুই বাসের সংর্ঘষে নিহত ২, আহত ১০
ময়মনসিংহের ভালুকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভরাডুবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে নির্মাণকাজ চলায় এক পাশ বন্ধ ছিল। ফলে যান চলাচল করছিল অন্য পাশ দিয়ে। এ সময় নেত্রকোণাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসকে পাশ কাটাতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।