খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ২:২৮ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের ভিত্তিতে মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তির এবং তার প্রতিষ্ঠানের ৫ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে জানান, আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।

সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট, ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা গেছে, মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অর্থপাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজও চলমান রয়েছে। এ ছাড়াও প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্য সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রেখেছে সিআইডি।