সেই রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: ডিএমপি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:২২ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ২:২৪ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ জুলাই) সকালে সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী রিয়াদের বাসা থেকে মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা হবে।

গুলশানের ৮৩ নম্বর রোডে অবস্থিত সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় হাতেনাতে ধরা পড়েন পাঁচজন।

তারা হলেন— মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব (২১), ইব্রাহীম হোসেন (২৪), আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫) ও এক কিশোর।

তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা ছিলেম তিনি।