বাঁচানো গেল না মাগুরার মেয়েটিকে

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৫ | আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী সেই শিশুটির জীবনের জন্য লড়াই থমকে গেছে। এক সপ্তাহ ধরে হাসপাতালের শয্যায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছে শিশুটি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শিশুটি।

শুরু থেকেই শিশুটির শারীরিক অবস্থা ছিল নাজুক। এরপর থেকে তার শারীরিক অবস্থার শুধু অবনতিই ঘটেছে। এর মধ্যে গতকাল বুধবার শিশুটি চারবার কার্ডিয়াক অ্যারেস্টের (হৃদপিণ্ডের কম্পন বন্ধ হয়ে যাওয়া) শিকার হয়েছে। আজ সকালেও দুবার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। রক্তচাপ ক্রমেই কমতে থাকা শিশুটির শরীর এর ধকল আর নিতে পারেনি।


ঢাকা সিএমএইচের একজন চিকিৎসক বলেন, বৃহস্পতিবার সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু দুপুর ১২টার দিকে ফের আরেক দফা কার্ডিয়াক অ্যারেস্ট হলে সিপিআর দিয়েও হৃৎস্পন্দন ফিরিয়ে আনা যায়নি মেয়েটির। পরে দুপুর ১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এ ঘটনায় আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি।

মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ধর্ষণের শিকার হয় মেয়েটি। বোনের শ্বশুর বাড়ির আত্মীয়দের হাতেই ধর্ষণের শিকার হয় সে।