পেজেশকিয়ানকে ফোন করে সতর্ক করলেন এরদোয়ান
প্রতিবেশী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে চরম সতর্কবার্তা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সোমবার (৯ মার্চ) এক টেলিফোনলাপে এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আঙ্কারা আর কোনো ছাড় দেবে না, বরং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দুবার ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় অনধিকার প্রবেশ করেছে। যদিও এরদোয়ান ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছেন, তবুও তিনি এই "বেপরোয়া" কর্মকাণ্ডে তুরস্কের নিরাপত্তার ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সোমবার অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোয়ান। তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষে না থাকা সত্ত্বেও তুরস্কের ক্ষয়ক্ষতির ঝুঁকিতে আছে। বন্ধু ও ভাতৃপ্রতিম দেশগুলোতে হামলায় কারো কোনো স্বার্থ আদায় হবে না এবং আঙ্কারা কখনও এ ধরনের কার্যক্রম অনুমোদন করবে না।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রী নিহতের ঘটনায় শোকও জানিয়েছেন এরদোয়ান।
এদিকে, তুর্কি প্রেসিডেন্টের অভিযোগের জবাবে ইরানি প্রেসিডেন্ট বলেছেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি। তবে তারপরও বিষয়টি তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পেজেশকিয়ান।