চাঁদের বুকে ইলন মাস্কের 'শহর' গড়ার পরিকল্পনা, আসলেই সম্ভব?
চাঁদে গড়ে তোলা যেতে পারে 'স্ব-বর্ধনশীল শহর' এবং এটা ১০ বছরেরও কম সময়ে সম্ভব- এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন ইলন মাস্ক।
এক্স (সাবেক টুইটার), টেসলা, আর স্পেসএক্স-র প্রধান নির্বাহী ও বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি তার সাম্প্রতিক এক এক্স পোস্টে লিখেছেন, মঙ্গল গ্রহে শহর নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসে চাঁদে শহর গড়ার দিকে মনোযোগ দিয়েছে স্পেসএক্স।
কিন্তু মাস্ক নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন কেন? আর চাঁদের বুকে এই 'স্ব-বর্ধনশীল' শহর সম্পর্কেই বা কী জানা যাচ্ছে?
মঙ্গলের বদলে চাঁদ
'স্ব-বর্ধনশীল' শহর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পূর্ণাঙ্গ নকশা বা বিশদ পরিকল্পনা প্রকাশ করা হয়নি। বরং এখন পর্যন্ত তা ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করা পরিকল্পনার পর্যায়েই আছে।
চাঁদের সম্পদ ব্যবহার করে ধীরে ধীরে স্থায়ী মানব বসতি স্থাপন ও তা সম্প্রসারণের কথা বলছেন মাস্ক। আর তা সম্ভব হবে চাঁদে আরও ঘন ঘন উৎক্ষেপণের মাধ্যমে।
নিজের পোস্টে মাস্ক লিখেছেন, এটি "১০ বছরেরও কম সময়ে" বাস্তবায়ন করা সম্ভব, যেখানে মঙ্গল গ্রহে একই কাজ করতে ২০ বছরের বেশি" সময় লাগবে।
"স্পেসএক্স-র মিশন একই রয়েছে: আমরা যেমনটা জানি তেমন চেতনা ও জীবনকে নক্ষত্রের দিকে সম্প্রসারিত করা"।
মাস্ক ব্যাখ্যা করেছেন, "প্রতি ২৬ মাসে (ছয় মাসের ভ্রমণ সময়) গ্রহগুলোর অবস্থান অনুকূলে এলেই" কেবল মঙ্গল গ্রহে যাত্রা সম্ভব।
অন্যদিকে, "আমরা প্রতি ১০ দিন অন্তর চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করতে পারি (দুই দিনের ভ্রমণ সময়)"।
"এর অর্থ হলো, মঙ্গলের তুলনায় চাঁদে শহর নির্মাণের কাজ আমরা অনেক দ্রুত সম্পন্ন করতে পারবো"।
স্পেসএক্স–এর মিশন এখনো মাস্কের বহুদিনের লালিত উচ্চাভিলাষী স্বপ্ন পূরণ, অর্থাৎ মঙ্গল গ্রহে শহর নির্মাণ করা আর "প্রায় পাঁচ থেকে সাত বছরের মধ্যে" এ কাজ শুরু হবে। তবে "সভ্যতার ভবিষ্যৎ সুরক্ষিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার, আর সেক্ষেত্রে চাঁদ দ্রুততর বিকল্প", এক্সে লিখেছেন মাস্ক।
মাস্কের মন্তব্যের পর তার ভক্ত-অনুসারীরা দ্রুতই চাঁদের সম্ভাব্য শহরটির নকশা এঁকে শেয়ার করতে শুরু করেন। সেজন্য কেউ কেউ মাস্কের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা টুল গ্রকও ব্যবহার করেন।
চলতি মাসের শুরুর দিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদনেই মূলত মাস্কের বক্তব্যে উঠে এসেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছিল, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে যে তারা বর্তমানে চাঁদে অভিযানকে অগ্রাধিকার দেবে এবং পরে কোনো এক সময় মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করবে।
২০২৭ সালের মার্চে মানুষ ছাড়া তাদের চাঁদে অবতরণের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
স্পেসএক্স-এর প্রধান গন্তব্য হিসেবে মঙ্গল গ্রহে যাওয়ার মাস্কের যে দীর্ঘদিনের লক্ষ্য, তা থেকে এই পরিকল্পনাকে কিছুটা আলাদাই বলা যায়।
এমনকি গত বছরও তিনি বলেছিলেন, তাদের কোম্পানি ২০২৬ সালের শেষ নাগাদ মানুষ ছাড়া মঙ্গল গ্রহে অভিযানের পরিকল্পনা করছে।
"না, আমরা সরাসরি মঙ্গলেই যাচ্ছি। চাঁদ একটা বিভ্রান্তি," গত বছরের জানুয়ারিতে এক্স–এ দেওয়া এক পোস্টের জবাবে বলেছিলেন মাস্ক।
বৈদ্যুতিক গাড়ি ও স্বয়ংচালিত প্রযুক্তির মতো প্রকল্পে উচ্চাভিলাষী সময়সীমা নির্ধারণের দীর্ঘ ইতিহাস রয়েছে মাস্কের, যার অনেকগুলোই নির্ধারিত সময়ে বাস্তবায়িত হয়নি।