গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলারের অঙ্গীকার ট্রাম্পের

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৬ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ১১ জন নিহত হয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে পাঁচ বিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে। এ পরিষদ আগামী বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসবে।

গাজায় হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে অন্তত পাঁচজন নিহত হন।

এদিকে দক্ষিণের খান ইউনিসে ইসরায়েলি হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া রোববার গাজা সিটির পূর্বে তাল আল-হাওয়া এলাকায় এক হামলায় ফিলিস্তিন ইসলামিক জিহাদের (পিআইজে) কমান্ডার সামি আল-দাহদুহ নিহত হয়েছেন।


গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। কিন্তু সে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়ে চলেছে নিয়মিতই। রোববার আরও ১১ জনের মৃত্যু সেই লঙ্ঘনের সবশেষ ঘটনা।

গাজা কর্তৃপক্ষের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৬০১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও এক হাজার ৬০৭ জনকে আহত করেছে। গাজার সরকারি জনসংযোগ কার্যালয় জানিয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ইসরায়েল অন্তত ১ হাজার ৬২০ বার চুক্তি লঙ্ঘন করেছে।

এসব হামলাকে ‘অপরাধমূলক উসকানি’ আখ্যা দিয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এসব হামলা মাঠে রক্তাক্ত বাস্তবতা চাপিয়ে দেওয়ার স্পষ্ট চেষ্টা। একই সঙ্গে এটি এমন একটি বার্তা যে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যেসব উদ্যোগ ও সংস্থা কাজ করছে, সেগুলো অর্থহীন। কারণ সব পক্ষ যুদ্ধবিরতি মেনে চলার প্রয়োজনীয়তার কথা বললেও দখলদার শক্তি তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

প্রথম বৈঠকে বসছে বোর্ড অব পিস

সাম্প্রতিক হামলার মধ্যেই ট্রাম্প ঘোষণা দেন, তার নতুন গঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠক হবে আগামী বৃহস্পতিবার, ওয়াশিংটন ডিসিতে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, বোর্ডের সদস্যরা গাজা পুনর্গঠনে পাঁচ বিলিয়নের বেশি ডলার দেওয়ার অঙ্গীকার করেছেন।

গাজাবাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ও স্থানীয় পুলিশে হাজার হাজার সদস্য নিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক রোজিল্যান্ড জর্ডান জানিয়েছেন, খবর আছে যে, সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ হিসেবে ট্রাম্পের বোর্ড অব পিসে এক বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। কুয়েতও যোগ দিতে পারে বলে খবর রয়েছে। বাকি তিনটি দেশের নাম এখনো প্রকাশ করা হয়নি।

বোর্ডের ২০ জন সদস্যের মধ্যে কতজন বৈঠকে উপস্থিত থাকবেন, তা ট্রাম্প উল্লেখ করেননি। হামাসের হাজেম কাসেম বোর্ড অব পিসের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করায় এবং ‘কোনো বিলম্ব বা কৌশল ছাড়া’ চুক্তি বাস্তবায়নে বাধ্য করে।