সিরিয়ায় কারাগার থেকে শত শত বন্দি পালিয়েছেন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৮ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শাদ্দাদি কারাগার থেকে বিপুল সংখ্যক ইসলামিক স্টেট (আইএস) সদস্য পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১২০ জন বন্দি পালিয়ে যাওয়ার কথা জানালেও, কুর্দি সংবাদমাধ্যমগুলো এই সংখ্যা প্রায় ১৫০০ বলে দাবি করছে।

এই ঘটনার জন্য সিরীয় সেনাবাহিনী কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ-কে দায়ী করেছে। বর্তমানে সিরীয় বিশেষ বাহিনী শহরটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে এবং ইতোমধ্যে ৮১ জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

সিরীয় সেনাবাহিনী এক বিবৃতিতে অভিযোগ করেছে, এসডিএফ এই জঙ্গিদের মুক্তি দিয়েছে।

উল্লেখ্য, কয়েক দিনের তীব্র লড়াইয়ের পর গত রোববার (১৮ জানুয়ারি) এসডিএফ রাক্কা এবং দেইর আল-জোর প্রদেশ থেকে নিজেদের সরিয়ে নিতে সম্মত হয়। এই এলাকাগুলো দীর্ঘদিন ধরে কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল এবং এখানেই সিরিয়ার প্রধান তেলক্ষেত্রগুলো অবস্থিত।

বর্তমানে সিরীয় সেনাবাহিনীর ইউনিট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী শাদ্দাদিতে প্রবেশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৮১ জনকে ইতোমধ্যে পুনরায় গ্রেফতার করা হয়েছে। শহরের চারপাশের এলাকায় এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি বন্দিদের গ্রেফতারের চেষ্টা চলছে।