ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে উড্ডয়ন করা একটি ছোট যাত্রীবিমান নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৭ জানুয়ারি) বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।
বার্তা সংস্থা এএফপির বরাতে আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার উদ্ধার ও তল্লাশি সংস্থার কর্মকর্তারা জানান, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান যোগ্যাকার্তা থেকে উড্ডয়ন করে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাচ্ছিল। বিমানে তিন যাত্রী ও আট ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মাকাসার উদ্ধার ও তল্লাশি সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তিনি বলেন, স্থল ও আকাশপথে এই অনুসন্ধানে বিমানবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা অংশ নিচ্ছেন।