মার্কিন আদালতে মাদুরো— আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৪ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে উপস্থিত হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ এবং এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেছেন নিকোলা মাদুরো। তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন।

মাদুরোর বিরুদ্ধে মেক্সিকো, কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিভিন্ন মাদক গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়ে কোকেন পাচারসহ মাদক-সন্ত্রাসের অভিযোগ আনা হয়। এসব অভিযোগ আগে থেকেই অস্বীকার করে আসছেন মাদুরো। আগামী ১৭ মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন আদালত। সেদিনও মাদুরোকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে মাদুরোকে আদালতের এজলাসে নিয়ে যাওয়া হয়। এর পরপরই তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও এজলাসে তোলা হয়। আদালতের কার্যক্রম শোনার জন্য তারা দুজনেই দোভাষীর সাহায্য নিতে হেডসেট ব্যবহার করেন। ১২টা ৩ মিনিটে ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টাইন বিচারকের আসনে বসেন।

আদালতে মাদুরোর পরনে ছিল কয়েদিদের জন্য নির্ধারিত নীল রঙের ইউনিফর্ম। আদালতে উপস্থিত হয়ে তিনি তার আইনজীবী ব্যারি পোলাকের সঙ্গে হাত মেলান এবং শান্তভাবে নির্ধারিত আসনে বসেন।

শুনানির একপর্যায়ে মাদুরোকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেন বিচারক। জবাবে মাদুরো বলেন, তিনি তার বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিযোগপত্র পড়েননি এবং তাকে তার অধিকার সম্পর্কেও জানানো হয়নি। জবাবে বিচারক হেলারস্টাইন বলেন, ‘মাদুরোর পক্ষ থেকে নট গিল্টি (দোষী নন) পিটিশন দাখিল করা হবে।

এরপর দ্বিতীয়বার মাদুরোর কাছে তার বক্তব্য জানতে চান বিচারক। এ সময় দৃঢ় কণ্ঠে মাদুরো বলেন, আমি নির্দোষ। এখানে যা যা উল্লেখ করা হয়েছে, সেগুলোর কোনোটির জন্যই আমি অপরাধী নই। আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে ধরে আনা হয়েছে। আমি একজন ভদ্র মানুষ। আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে।

আদালতে দাঁড়িয়ে নিজেকে ‘যুদ্ধবন্দি’ বলেও উল্লেখ করেন মাদুরো। এ সময় তার বিরুদ্ধে যেসব অভিযোগ পড়ে শোনানো হয়, তার সবগুলোই তিনি অস্বীকার করেন।


এ ঘটনায় সারা বিশ্বে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ইউরোপের দেশগুলো কিছুটা নিচু স্বরে প্রতিবাদ জানালেও বিশেষ করে লাতিন আমেরিকার দেশগুলোর কঠোর নিন্দা জানিয়েছে।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি এ দিন মাদুরোর পাশে থাকার বার্তা দিয়েছে। সোমবার তারা দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানিয়েছে। বলেছে, নিকোলাস মাদুরোকে ‘অপহরণ’ করেছে যুক্তরাষ্ট্র সরকার। একে তারা ‘বর্বরোচিত, বিশ্বাসঘাতক ও কাপুরুষোচিত আক্রমণ’ আখ্যা দিয়েছে।