বাংলাদেশের নির্বাচনের জন্য জয়শঙ্করের শুভকামনা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫১ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশবাসীকে শুভকামনা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে প্রতিবেশীসুলভ সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।

শুক্রবার (২ জানুয়ারি) ভারতের চেন্নাইয়ে এক অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের অর্থনৈতিক অগ্রগতির সুফল বাংলাদেশও পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, ভারত এগিয়ে গেলে তার প্রতিবেশীরাও সেই অগ্রগতির অংশীদার হবে। “আমাদের সামনে আরও অনেক সুযোগ থাকবে। এক অর্থে এটাই ছিল বাংলাদেশকে আমার বার্তা,” বলেন সম্প্রতি বাংলাদেশ সফরকারী এই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেন। তার শেষকৃত্যে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানাতে ঢাকায় আসেন জয়শঙ্কর। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী মোদীর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন।

ঢাকায় পৌঁছে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে জয়শঙ্কর বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছি এবং ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছি।”

তিনি আরও বলেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ ভবিষ্যতে ঢাকা-দিল্লি অংশীদারিত্বের পথনির্দেশক হয়ে থাকবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় প্রায় চার ঘণ্টা অবস্থান করেন বলে জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।