যুদ্ধবিরতির পরও গাজায় ১৫শ ভবন ধ্বংস করেছে ইসরায়েল
আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় এই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিবিসি ভেরিফাইয়ের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে এই তথ্য উঠে এসেছে।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার যেসব এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ছিল সেখানে দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী। খবর বিবিসির।
গত ৮ নভেম্বর সর্বশেষ তোলা ছবিতে দেখা গেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রিত পুরো এলাকা এক মাসেরও কম সময়ের মধ্যে ধ্বংস করা হয়।
ধ্বংসপ্রাপ্ত ভবনের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ জানান, এভাবে ভবন ধ্বংস করা যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘন করতে পারে। তবে আইডিএফের এক মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেন, তারা যুদ্ধবিরতি কাঠামো অনুসারে কাজ করছে।
স্যাটেলাইট চিত্রের বিবিসি ভেরিফাইয়ের ভিজ্যুয়াল বিশ্লেষণে দেখা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপকভাবে ভবন ধ্বংসের ঘটনা অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতির আগে এবং পরে নেওয়া রাডার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ‘হলুদ রেখা’র পেছনে ধ্বংস হওয়া ভবনগুলো দেখা যাচ্ছে।