যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও গাজায় হামলা, নিহত ১০

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:২৫ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে মিশরের শহর শারম এল শেখ-এ ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরও অংশ নিচ্ছে, যেখানে প্রধানত জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি নিয়ে আলোচনা চলছে।

চলমান যুদ্ধবিরতি আলোচনার সত্ত্বেও গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহু হামলা বন্ধের নির্দেশ দিলেও, গাজার সূত্র অনুযায়ী গত তিন দিনে ১০৪ জন নিহত হয়েছেন। শুধু সোমবারেই ত্রাণ নিতে গিয়েও ১০ জন নিহত হন। ইসরায়েল অবশ্য দাবি করছে, তারা কেবল 'রক্ষণাত্মক' অভিযান চালাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সোমাবর (৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গুলিতে নিহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে ৩ জন নিহত হন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে।

উভয়পক্ষ সম্মতি জানানোর পর ৪ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী গাজায় হামলা-বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানান ট্রাম্প। নেতানিয়াহু সেই আহ্বানে সাড়া দিয়ে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজায় হামলা বন্ধ করতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু গাজার সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প হামলা-বোমাবর্ষণের নির্দেশ প্রদানের পরেও গাজায় গত তিন দিনে নিহত হয়েছেন ১০৪ জন। তাদের সবাই নিহত হন ইসরায়েলি সেনাদের গুলিতে।

ইসরায়েলের সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান অবশ্য এক ব্রিফিংয়ে ইসরায়েলি বাহিনীর হামলা-হত্যার সাফাই দিয়ে বলেছেন, ট্রাম্প আহ্বান জানানোর পর থেকে গাজায় ‘রক্ষণাত্মক’ অভিযান পরিচালনা করছে ইসরায়েল।

এদিকে এক প্রতিবেদনে মিশরের দৈনিক আল কাহেরা নিউজ জানায়, সোমবার মিশরের পর্যটন শহর শারম এল শেখ- এ ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও হামাসের প্রতিনিধিদের। মিশরের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সোমবার ছিল বৈঠকের প্রথম সেশন বা পর্যায় এবং এ পর্যায়ে গাজার অবশিষ্ট ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি সংক্রান্ত প্রাথমিক আলোচনা শুরু হয়েছে