এবার পুতিন-জেলেনস্কিকে মুখোমুখি নিয়ে বসবেন ট্রাম্প
ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠকের পর ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে মিলল ‘অগ্রগতি’র খবর। শুধু মিলল না যুদ্ধবিরতির সুনির্দিষ্ট ঘোষণা। তবে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ‘হাইভোল্টেজ’ বৈঠক একেবারেই নিস্ফলা?
সেটি বলার সুযোগ আপাতত এখনই নেই। তবে এই দুই বৈঠকের ফলের জন্য অপেক্ষা করতে হবে তৃতীয় একটি বৈঠকের ওপর, যে বৈঠকে পুতিন আর জেলেনস্কিকে সামনাসামনি নিয়ে বসবেন ট্রাম্প। এককভাবে পুতিন ও জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বসে যে সমাধানে পৌঁছাতে পারেননি, সামনাসামনি বসে তাদের মুখ থেকেই সেই সমাধান বের করে আনতে পারলেই সফল হবেন ট্রাম্প।
এ বৈঠকের দিন-তারিখ নিয়ে অবশ্য কোনো তরহ্য মেলেনি। নির্ধারণ হয়নি বৈঠকের স্থানও। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আভাস দিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠকটি হতে পারে।
সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউজে প্রথমে জেলেনস্কি ও পরে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর রাশিয়া-ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে তৃতীয় এ বৈঠক আয়োজনে ট্রাম্পের পরিকল্পনা সামনে এসেছে।
এ দিন বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শুরু করেন ট্রাম্প। ঘণ্টাদুয়েক এ বৈঠকের পর জেলেনস্কির সঙ্গে ওয়াশিংটন যাওয়া ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেন ট্রাম্প। দুই বৈঠক চলে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।
বৈঠক দুটি শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে মুখ খোলেন ট্রাম্প। জানান পুতিন ও জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের কথা। ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠক আয়োজনের কাজ শুরু করে দিয়েছেন তিনি।