তাপে পুড়ছে ইউরোপ, দেশে দেশে রেড অ্যালার্ট
গ্রীষ্ম শুরু হতে না হতেই ইউরোপ জুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। স্পেন জানিয়েছে, এ বছরের জুন মাসের তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। ১৯৬৫ সালে সেভিলের তাপমাত্রা ৪৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পর এ বছর পর্তুগাল সীমান্তের কাছে হেউলভাতে পারদ ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ফ্রান্স, ইতালি, জার্মানি, গ্রিসসহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা।
এ পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মীরা স্পেনে লাল সতর্কতা জারি করেছেন। স্পর্শকাতর নাগরিকদের বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে দেশটিতে। ফ্রান্সসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্স জুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার প্যারিসসহ ফ্রান্সের ১৬টি অঞ্চলে সর্বোচ্চ ‘'রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এ ছাড়া আরও ৬৮টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির ‘অরেঞ্জ অ্যালার্ট’। এর আগে সোমবার ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টির মধ্যে ৮৪টি অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি ছিল। দেশটির জলবায়ুবিষয়ক মন্ত্রী এটিকে নজিরবিহীন পরিস্থিতি হিসেবে আখ্যা দিয়েছেন।
স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য ও ক্রোয়েশিয়াসহ বলকান অঞ্চলের দেশগুলোর কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর বাইরে তুরস্কে দাবানল দেখা দিয়েছে। স্পেন ও পর্তুগালে সপ্তাহান্তে জুন মাসের মধ্যে সর্বোচ্চ উষ্ণতম দিন হিসেবে রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিম ইউরোপের অনেকাংশের ওপর তাপের বলয় তৈরি হয়েছে। এ অবস্থায় তীব্র শুকনো তাপ বহুক্ষণ ধরে একই অঞ্চলে অবস্থান করছে। এ কারণেই তাপমাত্রা বাড়ছে, বাড়ছে তাপপ্রবাহের তীব্রতা। অনেক দেশেই জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। জনসাধারণকে যতটাসম্ভব ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউরোপের বিভিন্ন অংশে তাপপ্রবাহ ছড়িয়ে পড়ায় ফ্রান্স জুড়ে প্রায় ২০০টি স্কুলের কোনোটি বন্ধ, কোনোটি আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝি তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে।
মঙ্গলবার প্যারিসের স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ফ্রান্সের রেড অ্যালার্ট কার্যকর হয়েছে। তীব্র তাপপ্রবাহে রোববার দক্ষিণ কর্বিয়েরেস পর্বতমালায় বেশ কয়েকটি বনে আগুন লাগার ঘটনা ঘটনাও ঘটেছে। ওইসব এলাকার লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে একটি মোটরওয়ে।