ইসরায়েলে হামলা ইরানের, তেহরানে বিমানবন্দরে আগুন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ১৪ জুন ২০২৫ | আপডেট: ৩:৪০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে, ইসরায়েল এর কিছু প্রতিহত করেছে বলে দাবি করছে। পাশাপাশি তেহরানেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার প্রথম প্রহরে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে।

ইসরায়েলের তেল আবিব ও জেরুসালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। তেল আবিবের আকাশে কালো ধোঁয়া দেখা গেছে।

ওদিকে, ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নইলে আরও 'ভয়াবহ হামলার' হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এখনই উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছেন।

এর আগে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনী প্রধান ও রেভ্যুলেশনারি গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

ওই হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলে। পাশাপাশি ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া দাবি করেছে যে, ইরান ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের হামলার পর তার দেশকে ধৈর্য ধারণের আহবান জানানাে 'অযৌক্তিক'। তিনিও তার দেশের পক্ষ থেকে 'দৃঢ়' জবাব দেয়ার ওপর জোর দিয়েছেন।