মতপ্রকাশের অধিকারে হস্তক্ষেপ করলেই ভিসা নিষেধাজ্ঞা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ২৯ মে ২০২৫ | আপডেট: ৩:১০ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

যে কেউ মতপ্রকাশের অধিকারে হস্তক্ষেপ করলে তাকে আর যুক্তরাষ্ট্র ভিসা দেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র কাউকেই কোনো ছাড় দেবে না।

বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে মন্ত্রীর এ বক্তব্য প্রকাশ করা হয়েছে।

রুবিও বলেন, আমেরিকানরা কেবল তাদের মতপ্রকাশের অধিকারের চর্চার কারণে অনেক দিন ধরেই জরিমানা ও হয়রানি এবং এমনকি বিদেশি কর্তৃপক্ষের দ্বারা অভিযুক্ত হয়ে আসছে।


এ পরিস্থিতির অবসান ঘটাতেই যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করছে বলে জানান মার্কো রুবিও। বলেন, যুক্তরাষ্ট্র এমন এক নীতি গ্রহণ করছে, যার আওতায় বিশ্বের যেকোনো দেশের কোনো কর্মকর্তা বা ব্যক্তি যদি আমেরিকানদের সেন্সর করার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘মতপ্রকাশের স্বাধীনতা আমেরিকান জীবনের অপরিহার্য অংশ। এটি একটি জন্মগত অধিকার, যার ওপর বিদেশি সরকারের কোনো কর্তৃত্ব নেই। যারা আমেরিকানদের অধিকার খর্ব করতে কাজ করে, তারা যেন আমাদের দেশে ভ্রমণের সুবিধা না পায়— সেটাই এখন থেকে আমাদের নীতি।’

‘লাতিন আমেরিকা হোক কিংবা ইউরোপ বা অন্য কোনো অঞ্চলই হোক— আমেরিকানদের অধিকার যারাই ক্ষুণ্ন করে থাকুক, তাদের প্রতি নিষ্ক্রিয়তার দিন শেষ,’— এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

রুবিওর এ ঘোষণা এরই মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রুবিওর এই ঘোষণার মধ্যে এমন স্পষ্ট কূটনৈতিক বার্তা রয়েছে যে যুক্তরাষ্ট্র এখন থেকে শুধু মানবাধিকার নিয়ে বিবৃতি দিয়ে থেমে থাকবে না, বরং প্রয়োজন হলে নীতি নির্ধারণ ও সরাসরি ব্যবস্থা গ্রহণ করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ নিষেধাজ্ঞা মূলত ওইসব দেশ বা দেশের কর্মকর্তা ও নাগরিকদের জন্য প্রযোজ্য হবে, যারা প্রবাসী মার্কিন নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের জন্য শাস্তি দেয়, কিংবা দূতাবাস বা কনস্যুলেট পর্যায়ে চাপ প্রয়োগ করে।

সাম্প্রতিক বছরগুলোতে যেসব দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নীতি এই প্রথম নয়। বিভিন্ন সময়েই দেশটি বিভিন্ন দেশ বা ওইসব দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বিশেষ করে ২০২৩ সালের বিভিন্ন সময়ে বেশ কয়েকটি দেশের জন্য ভিসানীতি ঘোষণা করে দেশটি। বাংলাদেশের নামও এসেছে এই তালিকায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে, ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়, জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় যারা হস্তক্ষেপ করছে বা করবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।