চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যার মাধ্যমে তার ৯ বছরের শাসনের সমাপ্তি ঘটেছে। সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়ায় নিজের বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
লিবারেল পার্টির নেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন জাস্টিন ট্রুডো। সম্প্রতি জনমত জরিপে তার জনপ্রিয়তায় ব্যাপক পতন দেখা যায়। যা তাকে নিজ দলের নেতাকর্মীদের চাপের মুখে ফেলে।
পাশাপাশি দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি জরিপে এগিয়ে রয়েছে। এ বছরের শেষ দিকে কানাডায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবরের আগেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো জানান, তার দল লিবারেল পার্টি নতুন একজন নেতা নির্বাচিত করার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো ২০১৫ সালের নির্বাচনে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রী হন। এরপর আরো দুটি নির্বাচনে জয়ী হয়ে প্রায় এক দশক ধরে দেশ পরিচালনার পর এবার পদত্যাগের ঘোষণা দিলেন।