দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৬:৫৭ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীরা তো বটেই, দলের মধ্যে থেকেও উঠছে পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী। তার পদত্যাগের ঘোষণা আসতে পারে আজ সোমবারের মধ্যেই। খবর রয়টার্সের।

কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসাবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। দ্য গ্লোব অ্যান্ড মেইল রোববার তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সূত্রের বরাতে গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে, ট্রুডো কখন সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন তা নিশ্চিত নয়। তবে তারা আশা করা যাচ্ছে, বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি।

এর আগে ২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ট্রুডো। সেসময় কানাডিয়ান দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।