বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মো. মোস্তাকুর রহমান।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা রাজনীতি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা, কর্পোরেট ফাইন্যান্স ও শিল্প নেতৃত্বে সক্রিয় সম্পৃক্ততার দক্ষতার কারণে মো. মোস্তাকুর রহমানকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মোস্তাকুর রহমান একজন দক্ষ হিসাববিদ। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দীর্ঘকাল শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত রয়েছেন।
তিনি বর্তমানে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট অর্থায়ন, ব্যাংকিং সম্পর্ক, মূলধন কাঠামো ব্যবস্থাপনা, রপ্তানি অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা এক্সপোজার নিয়ন্ত্রণে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
এ ছাড়া তিনি শিল্প ও বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আন্তর্জাতিক অর্থনীতি ও ব্যাংকিং খাতে তার এ অভিজ্ঞতা দেশের বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
মোস্তাকুর রহমান বিভিন্ন সামাজিক ও দাতব্য কার্যক্রমেও যুক্ত। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, দীর্ঘস্থায়ী অসুস্থ রোগীদের উপশমকারী চিকিৎসা সহায়তা এবং দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় তিনি অবদান রেখে আসছেন।
অর্থনীতির চলমান চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, রিজার্ভ শক্তিশালীকরণ ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা মোকাবিলায় নিয়োগ পেতে যাওয়া নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের শিল্প ও আর্থিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।