ট্রাম্পের হুমকি, তবু রাশিয়ার তেল কিনবে ভারত
রাশিয়া-ভারত সম্পর্ক, বিশেষ করে রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু এ কারণেই ভারতের রপ্তানি পণ্যের ওপর ‘জরিমানা’ হিসেবে চাপিয়েছেন বাড়তি করের বোঝা। হুমকি দিয়ে রেখেছেন, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা না কমলে আরও কঠোর ব্যবস্থার মুখে পড়তে হবে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এসব হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকেই জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ সিদ্ধান্তকে অস্বাভাবিকও মনে করছেন না সংশ্লিষ্টরা। কেননা ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর সঙ্গে ভারতের যেসব বাণিজ্যচুক্তি রয়েছে তার অনেকগুলোই দীর্ঘমেয়াদী। চাইলেই খুব সহজে এসব চুক্তির অবসান ঘটানো সম্ভব না।
সম্প্রতি রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি তেলের সূত্র ধরে চলমান সম্পর্ক ও বাণিজ্যের কঠোর সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করেন তিনি
এখানেই থেমে থাকেননি ট্রাম্প। ভারতীয় পণ্যের ওপর বাড়তি যে শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন, তার পেছনে এই সম্পর্কের কারণে জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করেছেন। এমনকি নতুন করে নয়াদিল্লিকে আরও শুল্কের হুমকি দিয়েছেন। বলেছেন, মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে শতভাগ মার্কিন শুল্ক আরোপ করা হবে।
পরে শুক্রবার (১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি শুনেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। যদিও সে সময় সেই তথ্যের নিশ্চয়তা দিতে পারেননি তিনি।
ভারতীয় দুই কর্মকর্তা অবশ্য ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছেন। নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে তারা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি থাকলেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত।
একজন কর্মকর্তা বলেন, মস্কোর সঙ্গে দিল্লির দীর্ঘ মেয়াদি জ্বালানি চুক্তি রয়েছে। এসব চুক্তি রাতারাতি বাতিল করা সম্ভব না। রাতারাতি তাই রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যও ভারতের পক্ষে বন্ধ করা সম্ভব না।