শাহরিয়ার আলম, সাঈদ খোকন ও তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:২৫ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ-সদস্য সাঈদ খোকন ও তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এরমধ্যে সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভীন, দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শাহরিয়ার আলমসহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বদলি ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শত শত কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা গোপনে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন। দেশ ত্যাগ করলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পেতে ব্যাঘাত ঘটবে। সার্বিক অনুসন্ধানকাজে বিঘ্ন সৃষ্টিসহ ক্ষতির কারণ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আবশ্যক। শুনানি শেষে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শাহরিয়ার আলম, তার স্ত্রী ও ছেলের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চায় ব্যাংকগুলোর কাছে।