৬৭,২০৮ পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদনের সময় এক সপ্তাহ

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩৭ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮ জন সহকারী শিক্ষক ও প্রভাষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে এমপিওভুক্ত স্কুল-কলেজে ২৯ হাজার ৫৭১টি, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪টি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ ৮৩৩টি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত ‘সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ শীর্ষক এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এনসিআরটিএতে নিবন্ধিত প্রার্থীরা আগামী শনিবার (১০ জানুয়ারি) থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রার্থীরা www.ntrca.gov.bd ও টেলিটকের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এ দুই ওয়েবসাইটে শূন্যপদের তালিকা ও নিয়োগের শর্তাবলি পাওয়া যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের পর ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।


এনটিআরসিএ জানিয়েছে, একেকজন আবেদনকারী প্রতিটি আবেদনের বিপরীতে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের পদ পছন্দ দিতে পারবেন। যদি পছন্দের বাইরের প্রতিষ্ঠানে কেউ নিয়োগ পেতে ইচ্ছুক থাকেন, তাহলে সে সুযোগও দেওয়া হবে। ২০২৫ সালের ৪ জুন বৈধ নিবন্ধন সনদধারী যেসব প্রার্থীর বয়স ৩৫ বছরের কম, তারা এ নিয়োগের আবেদন করতে পারবেন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এরই মধ্যে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না। অন্যদিকে নিয়োগের আবেদন ফরম পূরণের সময়ই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।