রেললাইনের পাত খুলে নেওয়ায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

shohel mia
shohel mia shohel mia
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩১ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তরা রেললাইনের পাত খুলে নেওয়ায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও রেলস্টেশনে ঢোকার আগে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইনের পাত খুলে নিয়েছে।

গফরগাঁওয়ের রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ঘটনাটি জেনেছি। রেললাইনের পাত খুলে ফেলায় ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। রেললাইনের প্রায় ২০ ফুট অংশের পাত খুলে ফেললে দুর্ঘটনাটি ঘটে। রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।