কক্সবাজারে মিনিবাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৩ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

কক্সবাজারের টেকনাফে মিনিবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় বাস উল্টে আহত হয়েছেন অন্তত ২০জন।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে টেকনাফ-কক্সবাজার হাইওয়ের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার নাগুমিয়ার ছেলে মোটরসাইকেল চালক জাকির হোসাইন জেকি এবং লেদা লামারপাড়ার নাজুর ছেলে মিনিবাসের হেলপার নুরুল ইসলাম মুন্না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিনিবাসটি টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি টমটম এসে পড়লে মোটরসাইকেল চালক সেটি এড়াতে ডান দিকে মোড় নেওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের ফলে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই জেকি ও মুন্না নিহত হন।

নয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নুরুল আবচার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।