কাতার, আমিরাত, কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চলাচল স্বাভাবিক

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ২৪ জুন ২০২৫ | আপডেট: ৬:২২ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া আকাশপথ আবারও খুলে দেওয়ার পর কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার দিবাগত রাত রাত ৩টা থেকে উল্লিখিত চারটি দেশ তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য খুলে দিয়েছে।

ফলে এখন থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনের ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। এর আগে, গতরাত (২৩ জুন) দোহায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ কারণে উপসাগরীয় অঞ্চলের পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুটি বিমানকে জরুরি অবতরণ করতে হয়।

এই পরিস্থিতিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। যাত্রীদের ধৈর্য, সহানুভূতি এবং সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।