রাখাইনের জন্য শর্তসাপেক্ষে করিডর দিতে রাজি সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:২৮ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডর দিতে সরকার রাজি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। এটি একটি মানবিক প্যাসেজ হবে। কিন্তু আমাদের কিছু শর্তাবলি আছে। আমি এর বিস্তারিততে যাচ্ছি না। যদি শর্তাবলি পালিত হয়, তবে অবশ্যই আমরা সহায়তা করব।’

মায়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট জানিয়ে তৌহিদ হোসেন আরও বলেন, ‘মায়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে। আমরা তাদের ফেরত পাঠাতে চাই। ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন, সেটি আমাদের করতে হবে।’

বাংলাদেশ সীমান্তে অধিকার পরিবর্তন হয়ে গেছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানে একটি নন-স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে রয়েছে পুরো সীমান্ত। সেখানে মায়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কাজেই আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ- অর্থাৎ নন-স্টেট অ্যাক্টরের সঙ্গে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারি না। কিন্তু আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারব না।’