ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই'

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ২:৫৩ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে ২৮ বস্তা টাকার পাশাপাশি বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও বেশকিছু স্বর্ণালংকারও মিলেছে। এ ছাড়াও দানবাক্সে বেশ কয়েকটি চিরকুট পাওয়া গেছে। বেনামি এক চিরকুটে লেখা রয়েছে ‘ড. ইউনূস স্যারকে আরও পাঁচ বছর ক্ষমতায় চাই, সাধারণ জনগণ, আল্লাহ তুমি সহজ করে দাও।’

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দানবাক্স খোলা হয়। এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্যরা ছিলেন।

এবার দানবাক্সগুলো খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, ৪ মাস ১২ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়েছে। পরে মসজিদের দোতালায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে।