দেশের স্বার্থ সমুন্নত রেখে সীমান্ত সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১১:৪৪ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ৫৫তম সীমান্ত সম্মেলনে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা, নিরস্ত্র বাংলাদেশিদের ওপর গুলি চালানো, সীমান্তে অনুপ্রবেশ, সীমান্তবর্তী এলাকায় উন্নয়ন কাজে নিয়ম অনুসরণ ও সীমান্তে মাদকের অবাধ প্রবাহের মতো বিষয়গুলো ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় তুলে আনা হবে।

আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন নিয়ে বুধবার (২৯ জানুয়ারি) সকালে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। সীমান্ত সম্মেলনে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনার লক্ষ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার সমন্বয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিজিবির প্রতিনিধি ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের প্রতিনিধিরা অংশ নেন। তাদের সংশ্লিষ্ট দপ্তরের বিষয়গুলোও সম্মেলনের আলোচনায় উঠে আসবে।