চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে চলমান আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম। তিনি আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই এই বিষয়টির সমাধান হবে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ড. আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র-জনতা জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। পরে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি জানান, আইন উপদেষ্টার সঙ্গে বয়সসীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আসিফ নজরুল জানিয়েছেন, সরকার ইতোমধ্যেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এই সমস্যা সমাধানে প্রক্রিয়া শুরু হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারের জন্য ড. মুয়ীদ চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। খুব শিগগিরই একটি বৈষম্যবিরোধী সংস্কার কমিশন গঠন হবে, যেখানে প্রথমেই চাকরির বয়সসীমা বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হবে।
মুজাম্মেল মিয়াজী আরো জানান, চাকরিপ্রত্যাশীদের আশ্বস্ত করতে আসিফ নজরুল গণমাধ্যমে ব্রিফিং করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, পাশের দেশগুলোতে যেখানে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বা তারও বেশি, আমাদের দেশেও এটা বিবেচনাযোগ্য।
চাকরিপ্রত্যাশীদের উদ্দেশ্যে ড. আসিফ নজরুল বলেন, তোমরা অনেকদিন ধরে লড়াই করছো, কিন্তু এখন হঠাৎ ধৈর্য হারালে চলবে না। সমাধান আসছে, ধৈর্য্য ধরতে হবে। মুজাম্মেল মিয়াজী আশাবাদ প্রকাশ করে বলেন খুব দ্রুতই চাকরির বয়সসীমা নিয়ে আমরা একটি সুখবর পাবো।