নারায়ণগঞ্জে কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:২৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন মামলার অন্যতম আসামি রিয়াজ ওরফে ডেভিড।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি জানান। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ চারজন। এ ছাড়া এসআরবির পৃথক একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, “তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ হত্যা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেপ্তারের পর তার আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এতে তার পায়ে গুলি লাগে। তিনি বলেন, “তবে ডেভিডের ইনজুরি গুরুতর নয়। তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

এর আগে রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দুই পুলিশ সদস্য। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। এ ঘটনায় আহত হন সঙ্গে থাকা এএসআই সাত্তার।

নিহত আনোয়ার ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওতিনিন মোল্লার ছেলে। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে থাকা এক এএসআই ও কনস্টেবলের উপর হামলা চালায় ওই এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। এ সময় এএসআই সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার।”

এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে হত্যা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।