গোয়েন্দা প্রতিবেদনের আলোকেই ভারতে দল পাঠানো হয়নি: আসিফ আকবর

Himel
Himel Himel
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৩ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও বিসিবি—দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব হয়নি। বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, গোয়েন্দা প্রতিবেদনের আলোকে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

নিরাপত্তাজনিত কারণে ভারতে বাংলাদেশ দল না পাঠানোর সরকারি সিদ্ধান্তের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে ২২ জানুয়ারি। সেদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকারের পক্ষ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনাও আলোচনায় আসে।

শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে প্রশ্ন ওঠে। সভা শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি জানান, ‘গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটার, সাংবাদিক, দর্শক কিংবা সংশ্লিষ্ট ট্যাকটিকাল ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে সরকারের নিজস্ব মূল্যায়ন ছিল। সেখানে চলমান পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। এমন অবস্থায় কোনো নাশকতামূলক ঘটনা ঘটলে তার দায়ভার নেওয়া সম্ভব নয়। এটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত।’

আসিফ আকবর আরও বলেন, আইসিসির সঙ্গে প্রায় ২১ দিন ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত বাংলাদেশের নাম বিশ্বকাপের সূচি থেকে বাদ দেওয়া হয়। তাঁর ভাষায়, ‘নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। তথ্য, পররাষ্ট্র, ক্রীড়া ও আইন—এই চার মন্ত্রণালয় একসঙ্গে বসে বিষয়টি পর্যালোচনা করেছে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, আমরা কোনো ঝুঁকি নেব না। আইসিসি ও বিসিবি সংস্থা হলেও তারা রাষ্ট্র নয়। একটি রাষ্ট্র যখন নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেয়, তখন সব দিক বিবেচনা করেই নেয়।’

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়ে নতুন সূচি চূড়ান্ত করেছে আইসিসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে খেলবে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে নবাগত ইতালি, নেপাল, সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।