এক ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৯০ টাকায়।
মৌসুমে এই প্রথম চাঁদপুরের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সবচেয়ে বড় আকারের ইলিশ। যা ওজনে প্রায় আড়াই কেজির মতো। আর বড় আকারের সেই ইলিশ আজ মঙ্গলবার দুপুরে শহরের বড় স্টেশন মাছ বাজারে বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৯০ টাকায়।
এর আগে পাইকারি এই মাছ বাজারের একটি আড়তে ইলিশটির নিলাম অনুষ্ঠিত হয়।
এ সময় আড়তদার আনোয়ার গাজীর গদিতে প্রকাশ্য নিলামে অংশ নেন অন্তত ৩০ জন মাছ ব্যবসায়ী।
স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, ইলিশটির ওজন ২ কেজি ৪৮০ গ্রাম। উন্মুক্ত নিলামে তার সর্বোচ্চ দাম উঠেছে ১৩ হাজার ৩৯০ টাকা। মাছটি ক্রয় করেছেন হারুন মোল্লা নামের একজন মাছ বিক্রেতা।