পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু, বিশ্বনেতাসহ মানুষের ঢল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১:২৪ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

রোমান ক্যাথলিকদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। জড়ো হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ।

বিবিসির খবরে বলা হয়েছে, সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের চত্বরে শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে শুরু হয়েছে পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানোর এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা।

CA-At-Pope-Funeral-26-04-2025

শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

এ শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে ভ্যাটিকানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেতিজিয়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ বিশ্বনেতারাও যোগ দিয়েছেন এ অনুষ্ঠানে।

সেন্ট পিটার্স স্কয়ারে আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ অনুষ্ঠানে যোগ দিতেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে রোমে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।