আসছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট, কমছে ৭ হাজার কোটি
২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। বাজেটের এই আকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম।
মঙ্গলবার (১৫ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের এক বৈঠকে বাজেটের এ আকার চূড়ান্ত করা হয়।
চলতি অর্থবছরের মূল বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। গত বছরের ৬ জুন এ বাজেট পেশ করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। বাজেট পেশ করা সবচেয়ে বয়স্ক অর্থমন্ত্রীও ছিলেন তিনি।