ফজরের নামাজ শেষে ফেরার পথে প্রাণ গেল ইমামের
রকি হাসান কিশোরগঞ্জ প্রতিনিধি:
ফজরের নামাজ আদায় করিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ইমাম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কিশোরগঞ্জ জজ কোর্ট এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম হলেন ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০)।
গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর মডেল থানার অন্তর্গত একটি মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন ইমাম গোলাম মোস্তফা। জজ কোর্ট এলাকার সামনে পৌঁছালে সড়কের পাশে নির্মাণাধীন ড্রেনের জন্য রাখা বালুর স্তূপে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ইমাম ও চালক দুজনই সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করে জানান, সড়কের ওপর বালু ফেলে আংশিকভাবে রাস্তা বন্ধ রাখা হয়েছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে পাশ দিতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তূপে আঘাত করে। এতে তার বাবা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে বাহ্যিকভাবে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পড়ে যাওয়ার পর তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।