গফরগাঁওয়ে নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এক বৃহৎ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত গফরগাঁও পৌর এলাকায় এই মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় নেতৃত্ব দেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও সেনাবাহিনী, র্যাব, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করেন।
যৌথ মহড়াটি গফরগাঁও রেলস্টেশন প্ল্যাটফর্ম, বুধিয়া মার্কেটের সম্মুখভাগ, জামতলা মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত হয়। মহড়াকালে জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচন বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
পরে জেলা প্রশাসক গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং জেলা পরিষদের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় সভায় অংশগ্রহণ করেন তিনি। সভায় নির্বাচনকালে সার্বিক নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে।”
তিনি আরও বলেন, প্রশাসন জনগণের আস্থার জায়গা হিসেবে কাজ করবে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই যৌথ মহড়ার মাধ্যমে নির্বাচনকে ঘিরে গফরগাঁও উপজেলায় প্রশাসনের প্রস্তুতি ও দৃঢ় অবস্থানের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।