এলপিজির দাম বাড়ায় জনগণের ভোগান্তি বাড়বে: বাংলাদেশ ন্যাপ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৩৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬

এলপিজির দাম এক লাফে ২৫২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং সীমিত আয়ের দরিদ্র জনগোষ্ঠীর ভোগান্তি আরও বাড়বে।

রোববার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগ জানান। নেতৃদ্বয় বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে এমনিতেই দরিদ্র মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে এলপিজির দাম বাড়ানো তাদের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি করবে।

তাদের ভাষ্য, এমন সিদ্ধান্ত সীমিত আয়ের মানুষের ওপর ‘বোঝার ওপর শাকের আঁটি’ চাপিয়ে দেওয়ার মতো। মূল্যবৃদ্ধির আগে সরকারের উচিত ছিল দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনা করা। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লে এর দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তাঁরা।

বাংলাদেশ ন্যাপের নেতারা আরও বলেন, সরকারি সংস্থার পক্ষ থেকেই বলা হয়েছে, বড় জাহাজে গ্যাস আমদানি করা গেলে প্রতি সিলিন্ডারে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম কম রাখা সম্ভব। এরপরও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম বাড়ানোর ঘোষণা ব্যবসায়ীদের অনৈতিক ও অতিরিক্ত মুনাফার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

তাঁদের দাবি, যথাযথভাবে গ্যাস উত্তোলন করে সরকারি উদ্যোগে সাশ্রয়ী দামে ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা সম্ভব। কিন্তু সরকার সে পথে না গিয়ে জনগণের স্বার্থের বিপরীতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান ও মহাসচিব।