ফরিদপুরে ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৪ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬

যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ, গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার ও টহল কার্যক্রম শুরু করেছেন।


শনিবার (২১ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে আনসার ব্যাটালিয়নের সদস্যদের টহল দিতে দেখা যায়। এর মধ্যে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুদি বাজার ও তালমা পয়েন্টসহ বেশ কয়েকটি স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ছাড়া শহরের কেন্দ্রস্থল, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।


এ বিষয়ে ফরিদপুর জেলা আনসার ব্যাটালিয়নের কমান্ডার চন্দন দেবনাথ জানান, জেলার জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আনসার ব্যাটালিয়নের সদস্যদের এ কার্যক্রম ও মহড়া অব্যাহত থাকবে।