জানুন লুবাবার জীবনসঙ্গীর পরিচয়

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৫২ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জনের সূত্রপাত।

ওই পোস্টে লুবাবা জীবনসঙ্গীর কথা উল্লেখ করে একটি ছবি শেয়ার করলেও সেখানে বর-কনের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। পাশাপাশি পাত্রের পরিচয়ও গোপন রাখেন তিনি। এতে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং অনেকেই তার জীবনসঙ্গী কে— তা জানতে আগ্রহ প্রকাশ করেন।

পরবর্তীতে জানা গেছে, মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন মাহমুদ বিন মুনির। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বাগদান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানান তিনি। এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু না জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।

জানা গেছে, পারিবারিক ব্যবসার সূত্রে বর্তমানে কুয়েতে বসবাস করছেন মাহমুদ বিন মুনির। ২০২১ সাল থেকে তিনি সেখানে অবস্থান করছেন। কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধির ব্যবসা রয়েছে। পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করার পর তিনি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন। পড়াশোনা করেছেন ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদরাসায়।লুবাবার সঙ্গে সম্পর্কের শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।