পত্নীতলায় শহীদ সুরত আলী দারোগা'র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম রাজনৈতিক সহচর, মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ সুরত আলী দারোগার ৫০তম শাহাদাতবার্ষিকী আজ।
এ উপলক্ষ্যে রবিবার (২২ আগস্ট) সকালে তাঁর জন্মস্থান নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের শহীদ সুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে স্মৃতিচারণ সভা ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ সুরত আলী দারোগা স্মৃতি পরিষদ ও নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ, নওগাঁ যৌথ ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপজেলার সামাজিক সংগঠন - অদম্য নজিপুর; মুক্তিযুদ্ধ বিষয়ক নির্মাণাধীন প্রামাণ্য চলচিত্র "নওগাঁ-১৯৭১" এর নির্মাতা সংগঠন - ধূমকেতু চলচিত্র পরিষদ এই আয়োজনের সাথে একাত্বতা প্রকাশ করে অংশ নেয়। করোনার জন্য এবারে তাঁর মৃত্যু বার্ষিকী স্বল্প পরিসরে উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ সুরত আলী দারোগার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদেরকে স্মরণ করা হয়।
শহীদ সুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং একুশে পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা মেহমুদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন একুশে পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, ডাসনগর মলংশাহ মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট আব্দুস সোবহান সরকার, নজিপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রেজা চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, ধূমকেতু চলচিত্র পরিষদের সভাপতি মোহাম্মদ রাইসুল ইসলাম, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচিত্র নওগাঁ ১৯৭১'র পরিচালক নাসরুল্লাহ রাসু প্রমুখ। বিদ্যালয়টির শিক্ষক, ছাত্র- ছাত্রীসহ স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন।
১৮৯৩ সালে বর্তমান নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ডাশনগর গ্রামে এক সমভ্রান্ত পরিবারে জন্মেছিলেন সুরত আলী। গ্রামের পাশে পাঠশালায় প্রাথমিক স্কুলে পড়া লেখা শেষ করে রাজশাহী কলেজিয়েট স্কুলে ভর্তি হোন। সেখান থেকেই ১৯০৮ সালে ম্যাট্রিক পাশ করেন। ১৯১২ সালে রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পড়ালেখা শেষে পুলিশে যোগ দেন সুরত আলী। চাকরি জীবনে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-পরিদর্শক পদে চাকরি করেছেন তিনি।
১৯৫০ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৎকালীন আওয়ামী লীগ মুসলিম লীগে যোগ দেন তিনি। পরে তিনি ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন।
একাত্তরে মুক্তিযোদ্ধাদের সংগঠকের ভূমিকা পালন করায় একাত্তরের ১৫ আগষ্ট স্থানীয় রাজাকারদের সহযোগিতায় বাড়িতে হামলা করে সুরত আলী দারোগাকে ধরে নিয়ে যায় পাকসেনারা। ডাশনগর গ্রামে সুবিশাল মাটির তৈরী তাঁর বাড়িটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়। মহাদেবপুর পাকসেনা ক্যাম্পে কয়েকদিন অমানুষিক নির্যাতনের পর ২২ আগস্ট তাকে হত্যা করে পাক বাহিনী। পরে তাঁর লাশ ভাসিয়ে দেওয়া হয় আত্রাই নদীতে। তাঁর লাশের সন্ধান পাননি স্বজনরা।
১৯১৪ সালে স্থাপিত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়টিকে পরে পরিবারবর্গ এবং স্থানীয়দের চেষ্টায় ১৯১৮ সালে এসে মুক্তিযুদ্ধের এই অকুতোভয় সংগঠকের নামে নামকরণ করা হয়। বঙ্গবন্ধুর একসময়ের এই অন্যতম সহচরকে অনতিবিলম্বে বীর মুক্তিযোদ্ধার সম্মাননা দেয়া হোক এবং তাঁর স্মৃতির রক্ষার্থে সরকার যেন বিশেষ ভূমিকা রাখে - এখন এমনটাই দাবি পরিবারের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্থানীয়দের।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস। আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার ও কারিগরি সহায়তা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সুইডেনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে দক্ষ ও বিশ্বমানের মানবসম্পদ তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে নতুন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা ও প্রকল্প নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সুইডেনসহ ইউরোপের বাজারে কেয়ারগিভারসহ দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশে কারিগরি শিক্ষার মানোন্নয়ন, প্রশিক্ষণ জোরদার এবং দক্ষ মানবসম্পদ রপ্তানির ক্ষেত্রে সুইডেন সরকারের নিবিড় সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
আলোচনায় সুইডিশ রাষ্ট্রদূত জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের সঙ্গেই সুইডেনের ‘দ্বিপাক্ষিক সহযোগিতা কৌশল’ (Bilateral Cooperation Strategy) রয়েছে। বাংলাদেশের সঙ্গে সুইডেনের বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে বলেও জানান তিনি। রেডিমেড গার্মেন্টস, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সুইডিশ বিনিয়োগ বাড়ছে।
রাষ্ট্রদূত জানান, বর্তমানে সুইডেনে প্রায় ১০ হাজার বাংলাদেশি অবস্থান করছেন, যাদের বড় একটি অংশ শিক্ষার্থী।
সুইডেনে অনিয়মিত অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, অসাধু মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে কিছু নিরপরাধ মানুষ অনিয়মিত অভিবাসনের শিকার হচ্ছেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। উন্নত জীবনের প্রত্যাশা এবং পাচারকারীদের প্রলোভনই অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান কারণ। এ সমস্যা দূর করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধিসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রোহিঙ্গা সংকটকে পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সুইডেন রোহিঙ্গা ডোনার গ্রুপের কো-চেয়ার হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রাখতে দেশটির ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তার পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান।
সুইডিশ রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করার সুইডিশ আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের সম্মানজনক ও স্থায়ী প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র সমাধান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশে অবস্থিত সুইডিশ দূতাবাসের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনার্জি সেক্টরে প্রাইভেট প্রতিষ্ঠানের বিনিয়োগ অত্যন্ত জরুরি: জ্বালানিমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) অংশ নেন।
সভায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।
সভায় রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ অনুমোদন করা হয়।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট
‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’
সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে'
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রী: সাংবাদিক সুরক্ষা আইন আগামী ৩ মাসের মধ্যেই প্রণয়ন করতে হবে। অনেক টালবাহানা দেখেছি, বৈষম্য দেখেছি- আর নয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঢাকা জেলা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর এ কথা বলেছেন। তিনি বলেন, গণমাধ্যম এবং সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সরকারের টালবাহানা দেখেছি। আর দেখতে চাইনা, এবার আইন চাই।
তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ব্যাপারে ৮ আগস্ট কুমিল্লায় আমরা আল্টিমেটাম দিয়ে এসেছি। নভেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করবো। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আইনটি প্রণয়ন করা না হলে আন্দোলন ছাড়া গতি নেই।
তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ সরকারকেই নিতে হবে। পেশার অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করে সাংবাদিকতা অঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিতে সরকারের নিকট আহবান জানান তিনি।
জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা জেলার আওতাধীন বিভিন্ন এলাকায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। চলতি মাসের মধ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, ঢাকা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা পোস্ট করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাঁকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করুন।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযান আতঙ্কে সাগরে ঝাঁপ, ৭ ঘণ্টা পর মিললো বাংলাদেশি
মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তানজুং লুমপুরের একটি নির্মাণস্থলে অভিবাসন বিভাগের পরিদর্শন চলাকালে এ ঘটনা ঘটে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও অভিবাসন কর্মকর্তাকে দেখে আতঙ্কিত হয়ে ওই শ্রমিক সাগরে ঝাঁপ দেন বলে জানায় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ।
ঘটনার পর তাকে সাগরে ডুবে নিখোঁজ হওয়ার আশঙ্কায় ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। এতে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ২০ জনের বেশি সদস্য, আন্ডারওয়াটার রেসকিউ টিমের ডুবুরি, ড্রোন ইউনিট, পুলিশ ও সিভিল ডিফেন্স ফোর্স অংশ নেয়।
তামান তাস ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান মোহাম্মদ হিলমি কাশফি মাত জালি জানান, সকাল ৯টা ৩৫ মিনিটে অভিবাসন বিভাগের কাছ থেকে এক বিদেশি নাগরিক সাগরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।
তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিকে সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল সেখানে নৌযান ও ড্রোন দিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি আন্ডারওয়াটার রেসকিউ টিম সাগরে এবং আরেকটি দল তীরবর্তী এলাকায় অনুসন্ধান চালায়।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে নির্মাণস্থলের এক সুপারভাইজার জানান, নিখোঁজ শ্রমিকটি নিরাপদে কর্মীদের আবাসনে ফিরে এসেছেন। পুলিশ যাচাই করে তার পরিচয় নিশ্চিত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয়।
উদ্ধারকর্মীদের কাছে ওই শ্রমিক জানান, অভিবাসন বিভাগের বিপুলসংখ্যক সদস্য দেখে তিনি ভয় পেয়ে সাগরে ঝাঁপ দিয়েছিলেন। পরে তার সুপারভাইজার নিশ্চিত করেন, তার বৈধ ভ্রমণ ও কর্মানুমতি রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিনের সৌজন্য সাক্ষাৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারীর কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভিসা কাজ করতে চায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসা কাজ করতে আগ্রহী বলে জানান স্টিফেন কার্পিন।
সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবদান রাখতে ভিসা আগ্রহী বলেও জানান স্টিফেন কার্পিন।
বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধিকে আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদিতে কারখানায় আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬
আজ সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
গতকাল রোববার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। আগুনে নিহত বাংলাদেশিদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। দুজনের বাড়ি নাটোর। একজনের বাড়ি রাজশাহী।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আবদুল জলিল, মজিদুল, সাগর, নাটোরের শামিম, সাব্বির ও রাজশাহীর শ্যামল।
মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক, আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। তাঁরা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন। পরিবারগুলোর এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে জানানো হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তসহ মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী সহায়তা দিচ্ছে।
সর্বশেষ - জাতীয়
- ১ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- ২ এনার্জি সেক্টরে প্রাইভেট প্রতিষ্ঠানের বিনিয়োগ অত্যন্ত জরুরি: জ্বালানিমন্ত্রী
- ৩ রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- ৪ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট
- ৫ ‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’