পুলিশের সামনে চাপাতি হাতে ছিনতাইকারী, ফেসবুকে ভিডিও ভাইরাল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৫৭ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬

রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের চাপাতি হাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পর ওই ছিনতাইকারীকে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে ট্রাফিক সিগন্যাল পেরিয়ে যেতে দেখা গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তিন ঘণ্টায় ভিডিওটি দেখা হয়েছে ১৭ লাখবার। সাড়ে তিন হাজারেরও বেশি বার ভিডিওটি শেয়ার হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ছিনতাইতারী একজনের ব্যাগ ছিনতাই করে চাপাতি হাতে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সামনে দিয়ে বিনা বাধায় হেঁটে চলে গেছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ বলছে, ঘটনাটি বৃহস্পতিবার রাতের। ওই ছিনতাইকারীর সন্ধান চলছে।

সড়কে অবস্থানরত একটি প্রাইভেট কার থেকে ১৪ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, রাতের কোনো একটি সময়ে ব্যস্ত সড়কের পাশেই চাপাতি হাতে একজনকে ভয় দেখাচ্ছিলেন এক যুবক। মুহূর্ত পরেই একটি ব্যাগ মাটি থেকে তুলে কাঁধে নিয়ে তিনি হেঁটে সড়কের বিপরীত পাশে চলে যান।

এ দুই পুলিশ সদস্য ও তাদের সঙ্গে থাকা আরেকজনকে সড়কে গাড়ি চলাচলে নির্দেশনা দিতে দেখা যায়। তাদের সামনে দিয়ে ছিনতাইকারী তরুণটি বিনা বাধায় চলে যান। তার এক হাতে ছিল ব্যাগ, এক হাতে ছিল চাপাতি। পুলিশ সদস্যদের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি চাপাতি আড়াল করার চেষ্টা করেন।