শেখ হাসিনা তার তোষামোদকারী ও অনুগতদের প্লট দিয়েছে ৮৩০ টি

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৫:০৬ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৫

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে 'অসামান্য অবদানের' নামে নিজেদের ঘনিষ্ঠদের রাজউকের প্লট বরাদ্দ দিয়েছে। সবচেয়ে বেশি তা বরাদ্দ পেয়েছেন বিগত তিন সংসদের সাবেক সংসদ সদস্যরা। তাদের সংখ্যা অন্তত ২৫৬। 

এছাড়া ৩৯ সচিব, অন্তত ৩০ সাংবাদিক এবং ৩০ শিল্পী-সংস্কৃতি কর্মীও পেয়েছেন প্লট। তালিকায় আছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা, ব্যবসায়ী, ঠিকাদার, বিচারপতি, প্রবাসী, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকে। তাদের পরিচয় মূলত তারা প্রভাবশালী ও আওয়ামী লীগ সরকারের অনুগত অথবা তোষামোদকারী।

বিগত সাড়ে ১৫ বছরে এভাবে সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে ‘অসামান্য অবদানের’ নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ঘনিষ্ঠদের দেয়া হয় প্লট। রাজউক পূর্বাচল নতুন শহর, উত্তরা তৃতীয় প্রকল্প এবং ঝিলমিল আবাসিক প্রকল্পের প্লট তারা পেয়েছেন প্রতি কাঠা মাত্র ২ থেকে ৩ লাখ টাকায়। বর্তমানে এসব প্লটের কাঠাপ্রতি দাম কোটি টাকার বেশি। সংরক্ষিত কোটায় প্লট পাওয়া কেউ কেউ বিক্রিও করে দিয়েছেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামেও প্লট বরাদ্দ হয়েছে। 

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংরক্ষিত কোটা একটি বিশেষ শ্রেণিকে সুবিধা দিতে তৈরি করা হয়েছিল। প্লট তাদেরই দেয়া হয়েছে, যারা সরকারের অনুগত, তোষামোদকারী। অসামান্য অবদানের কথা বলে প্লট বরাদ্দের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।