বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ২:১৮ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। যদিও সামগ্রিকভাবে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হয়েছে, তবে লঘুচাপের প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত সংস্থাটির ১২০ ঘণ্টার (৫ দিনের) পূর্বাভাসে বলা হয়, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি তৈরি হয়েছে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

এদিকে, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়ে আবহাওয়া কিছুটা সহনীয় রাখতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২৫ ও ২৬ মার্চ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, ২৭ মার্চ বৃষ্টির প্রবণতা প্রধানত রংপুর বিভাগে সীমাবদ্ধ থাকতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

তবে দিন ও রাতের তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।