দেশের আইটি শক্তির বার্তা দিচ্ছে আইডিবি মেলা: শিক্ষার্থীর হাতে কম্পিউটার সময়ের দাবি
রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে গতকাল সোমবার (৮ ডিসেম্বর) শুরু হয়েছে দেশের বৃহত্তম প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’। ছয় দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের নামকরা ব্র্যান্ডের আধুনিক কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টারসহ সর্বশেষ প্রযুক্তিপণ্যের সমাহারে জমে উঠেছে এবারের আয়োজন।
মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং আইডিবির বিসিএস কম্পিউটার সিটির উপদেষ্টা মোহাম্মদ জহিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য কম্পিউটার কতটা জরুরি, আইডিবি মেলা তা স্পষ্ট করে তুলে ধরছে। নতুন শিক্ষার্থী ও তরুণর প্রজন্মের হাতে অন্য কিছু না দিয়ে কম্পিউটার তুলে দেওয়া কতটুকু জরুরি সেই বার্তা দিচ্ছে আইডিবি মেলা। সরকারি পলিসি প্রসঙ্গে তিনি বলেন, কিছু ব্যবসা এমন আছে সেটা আইনে বাধা দেওয়া আছে- আবার ওপেনলি করা যাচ্ছে। আমরা সরকারকে বলেছি-যে কোনো ব্যবসাকে হয় শতভাগ বৈধ করুন, অথবা গুড গভর্নেন্সের আওতায় আনুন।
সিটি আইটি মেগা ফেয়ারে পৃষ্ঠপোষক হিসাবে আছে আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এম এস আই এবং টিপি-লিংক। মেলায় অংশগ্রহণ করা স্টলগুলোর মধ্যে থাকছে চুউই ল্যাপটপ, প্যান্টাম, ডেল, ওয়ালটন কম্পিউটার, ডিপকুল, এসার, বি-ট্র্যাক, টি এন্ড ভি, কিউডি, রাপু, ভেনশন এর মতো ব্রান্ড। মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গিগাবাইট।