ইকরার ‘আত্মহত্যা’— অভিনেতা আলভীর আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ
স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে আদালতে হাজির হন এই অভিনেতা। পরে শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের পক্ষে জামিন চান। তার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়াসহ কয়েকজন আইনজীবী শুনানি করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।
জামিন আবেদনে জাহের আলভীর পক্ষ থেকে বলা হয়, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। প্রেমের বিয়ে করার কারণে ব্যক্তিগত বিদ্বেষ ও প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এজাহারেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলে দাবি করা হয়। এছাড়া মামলার সময় তিনি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
গত ১ মার্চ রাজধানীর মিরপুরের বাসা থেকে জাহের আলভীর স্ত্রী ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।